AABAD Alumni Network

খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘Fortune 501’ হাল্ট প্রাইজ বোস্টন গ্লোবাল সামিটে

হাল্ট প্রাইজ বিশ্বের সবচেয়ে বড় সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা যেটি তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিবছর অনুষ্ঠিত হয় যেখানে প্রতিযোগীদের মূল উদ্দেশ্য থাকে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক সমস্যাগুলোর বাস্তবায়নযোগ্য সমাধান করা। । এই প্রতিযোগিতার ২০২৪ আসরে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের দল“Fortune 501” অংশগ্রহণ করতে যাচ্ছে । দলটি এ বছরের জুনে যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতার আঞ্চলিক পর্যায়“বোস্টন গ্লোবাল সামিট” এ অংশগ্রহণ করবে।

ইতোমধ্যে তারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পর্যায় ও আঞ্চলিক পর্যায়ে সাফল্য অর্জন করেছে। এ বছর বিশ্বের শতাধিক দেশের দুই সহস্রাধিক বিশ্ববিদ্যালয় থেকে প্রায় দশ হাজার দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে যেখান থেকে সেরা ৩৬০ টি দল গ্লোবাল সামিটের অংশ হিসেবে ৭ টি ভিন্ন শহরে ৭ টি উপগ্রুপে ভাগ হয়ে অংশ নিবে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের দলটি বোস্টনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত এসকল তরুণ উদ্যোক্তাদের সাথে প্রতিযোগিতা করবে। প্রতিযোগিতার চূড়ান্ত ধাপে বিজয়ী দল কে পুরস্কার হিসেবে এক মিলিয়ন বা দশ লক্ষ মার্কিন ডলার প্রদান করা হবে।

দলটির সদস্যরা হলেন – খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের তৃতীয় বর্ষে পড়ুয়া তিন শিক্ষার্থী- তাহরিম জামান (দলনেতা), হিজবুল্লাহ তামিম ও আফিয়া খাতুন মৌরি এবং তাদের প্রস্তাবিত প্রকল্পের নাম “Eco Elixir”; যেখানে তারা ভোজ্যতেলের পুনঃপ্রক্রিয়াজাতকরণ ও জ্বালানী তেল হিসেবে পুনঃব্যবহারের মাধ্যমে মানুষের সুস্বাস্থ্য, পরিবেশ, জলবায়ু, নবায়নযোগ্য জ্বালানী-সহ জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা(এস ডি জি) এর বেশ কয়েকটি লক্ষ্যমাত্রা পুরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার প্রত্যয় প্রকাশ করেছে।

এর আগে ২০২৩ সালে অনুষ্ঠিত হওয়া হাল্ট প্রাইজ প্রতিযোগিতায়ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করে খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন এর শিক্ষার্থীদের দল“এপিয়ন” । হাল্ট প্রাইজ এর“মিলান গ্লোবাল সামিট-২০২৩” অংশ নিয়ে গ্লোবাল সেমিফাইনালিস্ট হওয়ার গৌরব অর্জন করে দলটি।